হুয়াওয়ের কাছে ৫জির কারিগরি প্রতিবেদন চেয়েছেন মন্ত্রী

৬ নভেম্বর, ২০১৯ ২১:২০  
হুয়াওয়ের কাছে ৫জি বিষয়ে কারিগরি প্রতিবেদন চেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার (৬ নভেম্বর) চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের ভাইস প্রেসিডেন্ট ব্রুচ লি সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকে ফাইভজিতে ৩৬০ ডিগ্রি বিনিয়োগের কারিগরি ও কৌশলগত প্রস্তাব উপস্থাপন করেন হুয়াওয়ের ভাইস প্রেসিডেন্ট। প্রতি উত্তরে মন্ত্রী কোন অবকাঠামোতে হুয়াওয়ে বাংলাদেশে ৫জির কারিগরি সেবা দিতে প্রস্তুত, এই নেটওয়ার্ক কী কী কাজে লাগবে, কীভাবে ব্যবহার করা হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করার আহ্বান জানান। বৈঠক বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, হুয়াওয়ে বিনে পয়সায় আমাদেরকে ৫জি’র পরীক্ষামূলক সুবিধা দিয়েছে। সেই সূত্র ধরেই আজ আমার কাছে সৌজন্য সাক্ষাৎকারে এসেছিলো। হুয়াওয়ে বরাবরই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তবে ৫জি’র উপযোগিতা যাচাই করতে আমি আজকের বৈঠকে তার কাছে কৌশলগত ও কারিগরি বিষয়ে প্রতিবেদন চেয়েছি। কেননা শিল্প ও বাণিজ্যে এর ব্যবহার সফলতার ওপর গুরুত্ব দিয়েই আমরা ৫জি নেটওয়ার্ক চালু করবো। কথা বলার জন্য তো আমাদের থ্রিজি/৪জি নেটওয়ার্কই যথেষ্ট। বৈঠক সূত্রে জানাগেছে, সাক্ষাৎকালে উভয়েই ফাইভ জি প্রযুক্তির কারিগরি বিভিন্ন বিষয়ায়ি বিশেষ করে অবকাঠামো উন্নয়নসহ প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা সংক্রান্ত কারিগরি ও কৌশলগত বিষয় নিয়ে মত বিনিময় করেন। এসময় ২০১৮ সালে ফাইভ জি প্রযুক্তির পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে কারিগরি সহযোগিতার জন্য তিনি হুয়াওয়েকে ধন্যবাদ জানান মন্ত্রী।